হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, জাতীয় গ্রন্থ ও পাঠাভ্যাস সপ্তাহ উপলক্ষে দেশের হাওজায়ে ইলমিয়ার প্রধান আয়াতুল্লাহ আরাফি একটি বার্তা প্রদান করেছেন। তাঁর বার্তাটি নিচে তুলে ধরা হলো:
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে
গ্রন্থাগারিক, গবেষক এবং জ্ঞান ও প্রজ্ঞার পথের অনুসারীবৃন্দ,
আপনাদের প্রতি সালাম ও শুভেচ্ছা।
গ্রন্থ ও পাঠাভ্যাস সপ্তাহ মানবজীবন, বিশ্বজগৎ, জ্ঞানকেন্দ্র এবং হাওজায়ে ইলমিয়ার বৈজ্ঞানিক ও বুদ্ধিবৃত্তিক জীবনে গ্রন্থাগারের মৌলিক ভূমিকা নিয়ে চিন্তাভাবনার একটি মূল্যবান সুযোগ। একই সঙ্গে পরিবর্তিত পরিস্থিতিতে বই ও গ্রন্থাগারের বিকাশ ও সমৃদ্ধির পরিবেশ তৈরিতে জ্ঞানচর্চার প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নতুন করে উপলব্ধি করারও এটি একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
নিঃসন্দেহে, হাওজায়ে ইলমিয়ার জ্ঞানচর্চার ঐতিহ্যে গ্রন্থাগার কেবল বই ও গ্রন্থাদি সংগ্রহ এবং সংরক্ষণের স্থান নয়; বরং এটি গবেষণার সহায়ক শক্তি, চিন্তাধারার পারস্পরিক আদান-প্রদানের ক্ষেত্র এবং অতীতের জ্ঞানভান্ডারের সঙ্গে বর্তমান প্রজন্মের জ্ঞানগত প্রচেষ্টার সংযোগসূত্র।
এ উপলক্ষে ইমাম জাফর সাদিক (আ.)-এর সেই আলোকোজ্জ্বল বাণী স্মরণ করা কতই না সুন্দর:
«اکتب وبث عِلْمَکَ فِی إِخْوَانِکَ، وَأَوْرِثْ کُتُبَکَ بَنِیکَ»
অর্থাৎ, তোমার জ্ঞান লিখে রাখো এবং তোমার ভাইদের মধ্যে তা ছড়িয়ে দাও। আর তোমার বইগুলো তোমার সন্তানদের উত্তরাধিকার হিসেবে দিয়ে যাও।
এই নির্দেশনা জ্ঞান বিস্তারের ওপর গুরুত্বারোপ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে জ্ঞানসম্পদ হস্তান্তরের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়। আর এই দায়িত্ব পালনে গ্রন্থাগারগুলোর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য।
এ ক্ষেত্রে হাওজায়ে ইলমিয়ার গ্রন্থাগারগুলোকে এর বৈজ্ঞানিক অবস্থান ও জ্ঞানগত দায়িত্বের উপযোগী করে তুলতে হবে। কেবল বই ও তথ্যসূত্র সংরক্ষণের ভান্ডার হিসেবে সীমাবদ্ধ না রেখে গবেষণার সক্রিয় সহায়তা ও দিকনির্দেশনা প্রদানকারী কেন্দ্রে উন্নীত করতে হবে।
গ্রন্থাগারের সংগ্রহশালা সম্প্রসারণ ও আধুনিকায়ন, বিশেষায়িত গ্রন্থাগারগুলোর সক্ষমতা বৃদ্ধি, তথ্য সরবরাহ ও গবেষণাসেবা উন্নত করা, প্রযুক্তিগত ও তথ্যভিত্তিক অবকাঠামোর উন্নয়ন এবং দক্ষ জনবল নিশ্চিত করা-এসব অত্যন্ত জরুরি বিষয়। এগুলো বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা, ধারাবাহিক সহযোগিতা এবং হাওজায়ে ইলমিয়ার সম্মানিত কর্তৃপক্ষ ও পরিচালকদের আন্তরিক উদ্যোগ প্রয়োজন।
এ পথে গ্রন্থাগারিক এবং তথ্যবিজ্ঞান ও জ্ঞান ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের ভূমিকা কেবল বই ও তথ্যসূত্র সাজানো এবং সংরক্ষণের মধ্যেই সীমাবদ্ধ নয়। পাঠকদের বৈজ্ঞানিক ও গবেষণাগত চাহিদা অনুধাবন, গবেষকদের দিকনির্দেশনা প্রদান এবং জ্ঞানসম্পদে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার মাধ্যমে তাঁরা গবেষণার গতিশীলতা ও বৈজ্ঞানিক কার্যক্রমের মানোন্নয়নে কার্যকর ভূমিকা পালন করেন।
তাই এসব সেবাদানকারীর পেশাগত ও বিশেষজ্ঞ হিসেবে অর্জিত মর্যাদার যথাযথ মূল্যায়ন করা উচিত এবং তাঁদের জ্ঞান ও দক্ষতাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর পরিবেশ তৈরি করতে হবে।
তবে গ্রন্থাগারের প্রকৃত বিকাশ তখনই সার্থক হবে, যখন শিক্ষার্থীদের বৈজ্ঞানিক ও জ্ঞানচর্চার জীবনে পাঠাভ্যাস একটি স্থায়ী অবস্থান লাভ করবে এবং শিক্ষাদান ও গবেষণামূলক কর্মসূচির পাশাপাশি এর গুরুত্ব প্রতিষ্ঠিত হবে।
চিন্তাশীল, অনুসন্ধিৎসু এবং বিশ্লেষণ ও যুক্তি প্রদানে সক্ষম শিক্ষার্থী গড়ে তুলতে হলে পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে বিস্তৃত জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি করতে হবে। অবাধ ও বিষয়ভিত্তিক অধ্যয়নকে উৎসাহিত করতে হবে এবং বিভিন্ন বৈজ্ঞানিক ও জ্ঞানমূলক গ্রন্থের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।
এ কারণে মূল্যবান বইয়ের পরিচিতি তুলে ধরা, নিয়মিত অধ্যয়নের প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং শিক্ষামূলক কার্যক্রমের সঙ্গে বই পড়ার অভ্যাসকে সম্পৃক্ত করা-এসব বিষয় হাওজার শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্রগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হওয়া উচিত।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, জ্ঞানীয় বিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতি এবং বুদ্ধিমান প্রযুক্তির বিকাশের কারণে বইয়ের ধারণা ও পরিধিতে মৌলিক পরিবর্তন ও বিপ্লব সংঘটিত হয়েছে। এসব অগ্রগতির যেমন নানা ইতিবাচক দিক রয়েছে, তেমনি কিছু ক্ষতিকর প্রভাবও রয়েছে।
এই পরিবর্তন এবং এর পরিণতি বই, গবেষণা ও বৈজ্ঞানিক জ্ঞান উৎপাদনের ধারণাগুলোকে নতুনভাবে উপলব্ধি, পুনর্গঠন ও পরিচালনার প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে ইসলামি গবেষণা ও জ্ঞানবিজ্ঞানের ভবিষ্যৎ পরিবর্তনগুলোকে সঠিকভাবে পরিচালনা করার দায়িত্বও বৃদ্ধি পেয়েছে।
এ ছাড়া ধর্মীয়, ইসলামি ও শিয়া লিখিত ঐতিহ্য পুনরুজ্জীবিত করা, ঐতিহাসিক উত্তরাধিকার সংরক্ষণ এবং গ্রন্থাগার ও তথ্যব্যবস্থাগুলোর মধ্যে সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলাও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, যার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।
আশা করি, হাওজায়ে ইলমিয়ার পরিচালক, শিক্ষক, গ্রন্থাগারিক এবং জ্ঞান ও সংস্কৃতিবিষয়ক দায়িত্বশীল ব্যক্তিদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গ্রন্থাগারগুলো আরও বেশি করে তাদের যথাযথ অবস্থান অর্জন করবে এবং জ্ঞান উৎপাদন, আদান-প্রদান ও বিস্তার এবং চিন্তাচর্চার প্রাণবন্ত কেন্দ্রে পরিণত হবে।
এমন কেন্দ্রগুলোর মাধ্যমে জ্ঞান ও প্রজ্ঞার আলো আরও উজ্জ্বল হবে, ভবিষ্যৎ আলেম ও গবেষকদের গড়ে তোলার পথ সুগম হবে এবং বর্তমান অবস্থার সীমাবদ্ধতা অতিক্রম করে বিদ্যমান ঘাটতিগুলো দূর করার পরিবেশ সৃষ্টি হবে।
পরিশেষে, গ্রন্থ ও পাঠাভ্যাস সপ্তাহ উপলক্ষে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে গ্রন্থাগারিক, গবেষক, লেখক এবং পাঠাভ্যাস ও জ্ঞানচর্চার প্রসারে নিয়োজিত সকলের মূল্যবান প্রচেষ্টা ও সেবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন হাওজায়ে ইলমিয়ার জ্ঞানগত সক্ষমতা বৃদ্ধি এবং বিশুদ্ধ ইসলামি শিক্ষার প্রসারে সবাইকে আরও বেশি সাফল্য ও তাওফিক দান করেন।
আয়াতুল্লাহ আলী রেজা আরাফি
ইরানের হাওজায়ে ইলমিয়ার প্রধান
আপনার কমেন্ট